পরকীয়ার জেরে স্বামীকে গুলি করে খুন, আদালতের রায়ে তিন অভিযুক্তের যাবজ্জীবন
মুর্শিদাবাদের সুতি থানার মামলায় কড়া রায়, প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা
ওয়েবডেস্ক,bangabarta.in | মুর্শিদাবাদ: পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে স্বামীকে গুলি করে খুনের ঘটনায় অবশেষে এল আদালতের গুরুত্বপূর্ণ রায়। এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় তিন অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি ২০২৩ সালের। জানা যায়, প্রবীর দাস ও তার স্ত্রী রাখি দাসের বৈবাহিক জীবন বাইরে থেকে স্বাভাবিক বলেই মনে হতো। কিন্তু অভিযোগ, সেই সংসারের আড়ালে তৈরি হচ্ছিল এক ভয়াবহ ষড়যন্ত্র।
তদন্তে উঠে আসে, রাখি দাসের সঙ্গে সৌমেন দাস নামে এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের পথে প্রধান বাধা ছিলেন স্বামী প্রবীর দাস। অভিযোগ, এরপরই প্রবীরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী রাখি দাস এবং সৌমেন দাস মিলে আজমাউল শেখ নামে এক ব্যক্তিকে দিয়ে প্রবীর দাসকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই করেও শেষ পর্যন্ত প্রাণ হারান প্রবীর দাস।
এই ঘটনার পর মুর্শিদাবাদের সুতি থানায় মামলা দায়ের হয়। প্রবীর দাসের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর প্রশান্ত কুমার দাস।
দ্রুত তদন্তের মাধ্যমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং সমস্ত প্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট জমা দেয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সম্প্রতি আদালত এই মামলার রায় ঘোষণা করে। এই নির্মম হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত রাখি দাস, সৌমেন দাস এবং আজমাউল শেখ—এই তিনজনকেই ৫০ হাজার টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
0 মন্তব্যসমূহ